ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে এবং যথাযোগ্য মর্যাদায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি।
মঙ্গলবার (১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ সকালে জাতীয় সংগীতের মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ ও উপজেলা চত্বরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও লোকজ সংস্কৃতির উপস্থাপনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
এ সময় উপজেলা নিবাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মো,জাবেদ-উল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া জানান, বাংলা নববর্ষ বাঙালির মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্ম আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হবে।