নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি সংক্রান্ত বিরোধের বানোয়াট ঘটনায় মারধরের মিথ্যা অভিযোগ এনে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদের সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগীর পরিবার। বুধবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকুট গ্রামের জহির মোল্লার বাড়িতে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
জহির মোল্লার দুই চাচা ও এক চাচাতো ভাই এসময় বক্তব্য দেন। সাংবাদিক সম্মেলনে জহির মুরশিদ মোল্লা অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাই জহির মোল্লা ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেশি শহীদ মিয়ার স্ত্রী দোলনা বেগম সম্প্রতি বানোয়াট ভূমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মারধরের অভিযোগ করে থানায় মামলা দিয়েছে। শহীদ মিয়ার সাথে জহির মোল্লার ভূমি সংক্রান্ত কোন বিরোধ নাই। প্রকৃত ঘটনা হলো আমাদের এক ভাতিজিকে কয়েক মাস পূর্বে শহীদ মিয়ার স্ত্রী দোলনা বেগমের বোনের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম।
বিয়ের পর থেকে জামাই আমাদের ভাতিজিকে মারধর করে আসছে। কয়েকদিন আগে ভাতিজিকে মারধর করে জামাইর খালু শহীদ মিয়ার বাড়িতে রেখে যায়। এ ব্যপারে জহির মোল্লা ও অন্যরা দোলনা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে মহিলাদের মধ্যে ঝগড়া হয়। কিন্তু দোলনা বেগম তার বোনের ছেলের অন্যায়কে ধামাচাপা দিতে জহির মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই।
জহির মোল্লার চাচা আনু মোল্লা বলেন, যে ভূমি নিয়ে বিরোধের ঘটনা সাজিয়ে মামলা করেছে সেটি এক বছর আগে শহীদ মিয়া কিনেছে। জহির মোল্লা তখন বিদেশে ছিল। সে এই ভূমি কিনতে চায়নি। এক বছর পর মিথ্যা অভিযোগ এনে মামলা করেছে। আমরা ন্যায় বিচার চাই।
জানতে চাইলে মামলার বাদী দোলনার বেগমের স্বামী শহীদ মিয়া বলেন, আমরা একটি জমি কেনাতে জহির মোল্লার সাথে বিরোধ ছিল। এ বিরোধের জেরেই তারা বাড়িতে এসে আমাদেরকে মারধর করেছে। আমার ছেলের বউয়ের মাথায় জখম হয়েছে। মিথ্যা মামলার অভিযোগ সত্য নয়।