ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গরুর হাটে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মুখের লালায় টাকা গুণছেন বিক্রেতারা। হাটের অবস্থা দেখে মনে হয়েছে দেশে করোনা বলতে কিছু নেই। শারিরিক দূরত্ব কিংবা নাকেমুখে মাস্ক পড়ার আইনকে কেউ পাত্তা দিচ্ছেনা।
আখাউড়া পৌরসভার কলেজপাড়ায় অবস্থিত এই হাটে সপ্তাহে একদিন মঙ্গলবার হাট বসে। চলতি বছর ইজারা না হওয়ায় আপাতত পৌরসভা নিজস্ব লোকবলের মাধ্যমে হাটটি পরিচালনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার(১৪ জুলাই) আখাউড়া গরুর হাটে খোজ নেয়ার সময় দেখাগেছে স্বাস্থ্যবিধি ও শারিরিক দূরত্ব বজায় না রেখে আসন্ন কোরবানী ঈদকে ঘিরে পশুর বেচাকেনায় মানুষের ভিড় বেড়েছে। রমজান মিয়া ও হারুন মিয়া এই বাজারে গরু বিক্রয় করে টাকা গুণছেন মুখের লালা দিয়ে। তারা বলছে গরুর বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়।
হাটের তদারকিতে থাকা মো. জাহাঙ্গীর আলম ও জব্বার মিয়া বললেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানতে এলাকায় মাইকিং করা হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতারা মানছে না।ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের পরিমান ১৫০৯ জন, মৃত্যু হয়েছে ২৫ জনের।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, গরুর হাটে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।