নেই কোন প্রকার সনদ সিরিয়াল দিয়ে দেখছেন রোগী, ২০০ টাকা করে নিচ্ছেন ভিজিট, লিখছেন এন্টিবায়োটিক, নারায়ণ চন্দ্র পাল নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাধারন সম্পাদক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার তন্তর বাজারে নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল
সিরিয়াল সহকারে ২০০ টাকা ভিজিট নিয়ে রোগী দেখছিলেন। এসময় তিনি এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ লিখছিলেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোন সনদপত্রই ছিল না। তিনি প্রেসক্রিপশনে নামের পূর্বে ডাক্তার লিখছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,
মিথ্যা টাইটেল ব্যাবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এই ধরনের অবৈধ ও অনৈতিক কার্যক্রমে জড়িত হলে আইনের সর্বোচ্চ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।