নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | পড়ুন মিনিটে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার (কসবা-আখাউড়া) থেকে অন্তত ৮ হাজার নেতা-কর্মী ঢাকায় যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সড়ক ও রেলপথে নেতা-কর্মীরা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, শওকত হোসেন খান সোহাগ, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আনন্দিত। তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঢাকায় যাওয়া প্রসঙ্গে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আবুল মনসুর মিশন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রায় ৮ হাজার নেতা-কর্মী (কসবা-আখাউড়া) থেকে ঢাকা যাচ্ছে। বাস, মাইক্রো ও ট্রেনে করে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন।