নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ফুলের গন্ধটা বেশ মৃদু। উজ্জল লাল, কমলা, হলুদ, গোলাপী আর সাদা রঙের এ ফুলে চোখ জুড়ায়। প্রকৃতির সৌন্দর্য্যটা বাড়িয়ে দেয়। ফুলের একেকটি থোকা দেড় থেকে দুই মাস পর্যন্ত সতেজ তাকে। এমনিতে সারাবছর ফুটলেও মে থেকে সেপ্টেম্বর নাগাদ বেশি ফুটে।
লাল রঙ্গনে রঙ্গিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বৃক্ষপ্রেমী ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মো. ইকবাল আহাম্মদ খানের বাড়ি। তার একটি রঙ্গন গাছে ফুটেছে শতাধিক ফুলের থোকা। সাধারণত একটি গাছে ১০০ থোকা হয় না।
ইকবাল আহাম্মদ খান জানিয়েছেন, আমার বাড়ির উঠানে রঙ্গন ফুলের দু’টি গাছ আছে। এর মধ্যে একটির বয়স ২২ বছর। দিন যত যায় এ গাছটিতে ফুলের সংখ্যা বাড়ে। এবার ১২৫টির বেশি ফুল রয়েছে গাছটিতে। সাধারনত এত বেশি রঙ্গন ফুটে না। তবে সব কিছু নির্ভর করে যত্নের উপর।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ি, প্রতিটি ছোট রঙ্গনে চারটি করে পাপড়ি থাকে। রঙ্গন ফুটে থোকায় থোকায়। একেকটি থোকায় ২০ থেকে ৫০টির মতো ফুল থাকে। একেকটি থোকা প্রায় দুই মাস পর্যন্ত সতেজ ও রঙিন থাকে। এ গাছ রোপণে পর্যাপ্ত রোদ নিশ্চিত করতে হয়।
রঙ্গন হলো একটি চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ, যা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বাগান ও শোভাবর্ধনে অত্যন্ত জনপ্রিয়। এই গাছ সাধারনত চার থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। সারাবিশ্বে প্রায় পাঁচ শতাধিক প্রজাতি রয়েছে। দৈনিক ৬-৭ ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছটি ভালো জন্মে। এর ওষুধি গুনাগুণ রয়েছে।