| বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের চাপায় হানিফ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হানিফ জেলার আখাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মোঃ মুক্তার মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌর শহরের কাউতুলী স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, দুপুরে অসুস্থ এক আত্মীয়কে দেখতে একটি হাসপাতালে যান হানিফ। হাসপাতালের সামনে থেকে আরেক আত্মীয়ের মোটরসাইকেল চেয়ে নিয়ে কুমারশীল মোড় থেকে কাউতুলী মোড়ে যাচ্ছিলেন তিনি। পথে স্টেডিয়াম এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় পথচারীরা হানিফকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া এক নম্বর শহর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।