নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সায়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত সায়েন্স ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ও মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান।

উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নেহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান, কেন্দ্রীয় কৃষকদল নেতা নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য সদস্য মো. হানিফ খন্দকার ও আখাউড়া প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও অনেক উন্নয়ন প্রয়োজন। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সায়েন্স ল্যাব স্থাপন করা হবে।
তিনি শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।