সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট কবির খলিফার বাড়িতে ঘর নির্মাণ করে দিবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ওই সংসদ সদস্য প্রয়াত নেতার মৃত্যুতে শোক জানিয়ে এ ঘোষণা দিয়েছেন। আইনমন্ত্রীর ঘনিষ্টজন ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল জানান, অত্যন্ত মানবিক মানুষ আইনমন্ত্রী অচিরেই এ বিষয়ে উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন। প্রয়াত কবির খলিফার গ্রামের বাড়ি সদর উপজেলার কোড্ডায় ঘরটি নির্মাণ করে দেয়া হবে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল জানান, মন্ত্রীর নির্দেশে যুবলীগ নেতৃবন্দ প্রয়াত ওই নেতার গ্রামের বাড়িতে যায়। এ সময় ওই নেতার বাড়ির অবস্থান সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন পৌর মেয়র ও যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা। মন্ত্রী বিস্তারিত জেনে ঘর নির্মাণ করে দিবেন বলে তাৎক্ষনিক ঘোষণা দেন।
তিনি আরো জানান, শুক্রবার প্রয়াত হওয়া কবির খলিফার পরিবার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকেন। তিনি তিন ছেলে সন্তানের জনক ছিলেন। ছেলেরা স্কুলে পড়াশুনা করেন। গ্রামের বাড়িতে থাকার তাঁর ঘরটি খুবই জরাজীর্ণ।