রওনক ইসলাম | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবিক উদ্যোগে কিডনি ও টিউমারে আক্রান্ত দুই গুরুতর অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়ার পক্ষ থেকে এই সহায়তা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ নগদ অর্থ বিতরণ করা হয়। টিউমারে আক্রান্ত মোঃ রাশেদ মিয়া এবং কিডনি রোগে আক্রান্ত মোঃ জসিম মিয়ার হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোঃ মহসিন ভূঁইয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবাসী যুবদলের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম মিয়া জানান, বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে গ্রামের দুই অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো হয়েছে। তিনি বলেন, “আমাদের নেতা কবীর আহমেদ ভূঁইয়া শুধু অসুস্থ রোগীর পাশে দাঁড়াননি, এর আগেও তিনি নিজস্ব অর্থায়নে গ্রামের রাস্তা মেরামত করেছেন। জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন।”
এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বলেন, “আমাদের নেতা কবীর আহমেদ ভূঁইয়া উপজেলার বিভিন্ন জায়গায় অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার ব্যক্তিগত উদ্যোগে আজকের এই সহায়তা দেওয়া হলো। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, কবীর আহমেদ ভূঁইয়ার এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে অন্য রাজনৈতিক নেতারাও এগিয়ে আসবেন।