ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, কফিল উদ্দিন মাহমুদ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে তাজ ট্রেডিংকে ২০ হাজার টাকা এবং আমিন ইলেকট্রনিকস কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহফুদ জানান, অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য অভিযানে একই ইউনিয়নের গোলখার এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন কালে ব্যবহৃত একটি মেশিনসহ প্রায় ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।