নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো,আবুসাঈদ।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ মত বিনময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া থানা অফিসার ইনচার্জ মো, জাবেদুল ইসলাম, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কিমেল খান, পৌরসভা বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, উপজেলা জামায়াতের আমির মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, মাদক, চোরাচালান, যানজট , স্বাস্থ্য, কৃষি ও আইন-শৃঙ্খলা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়। তিনি জনগণের সমস্যার কথা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম, নামজারি, খতিয়ান প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার উপর গুরুত্বারোপ করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।