নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মোগড়া বাজারে পূবালী ব্যাংক পিএলসির সেলফ সার্ভিস ডিজিটাল বুথ ও ক্যাশলেস সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মোগড়া বাজার বণিক মার্কেটের নিচতলায় নবনির্মিত ডিজিটাল বুথ ও ক্যাশলেস সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়।উদ্বোধন শেষে বণিক মার্কেটের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক আখাউড়া শাখার আয়োজনে “ক্যাশলেস বাংলাদেশ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূবালী ব্যাংক আখাউড়া সড়ক বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোছাঃ কানিছ ফাতেমা সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক আখাউড়া শাখার শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোমিন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে দেশের আর্থিক খাতে ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংকগুলোকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেন বৃদ্ধি পেলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হবে। মোগড়া বাজারে এ ধরনের আধুনিক সেবাকেন্দ্র চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।