নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আখাউড়া বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন এবং মালদারপাড়া এলাকার আকাশ মালদার ওরফে হাসিব। পলাতক রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়ার মসজিদপাড়ায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায় গত (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো একসময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে আটক করা হয়। পরে আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দিলে আকাশকেও আটক করা হয়।
জারু মিয়ার বাড়ি থেকে তার দেখানো মতে, দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।