নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়।
পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের প্রায় ২০/২৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার তিনলাখপীর- চারাগাছ সড়কের শ্যামবাড়ী এলাকায় ইজিবাইকের সাথে মোটরসাইকেল ধাক্কা লাগা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
বিষয়টি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । একপর্যায়ে দুই গ্রামেই মাইকে ঘোষনা দিলে শ্যামবাড়ী ও হাতুড়াবাড়ী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। দুই পক্ষই প্রচুর ইট পাটকেল ছুড়ে। শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের কিছু লোকজনও সংঘর্ষে যোগ দেন। এতে তিন গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০/২৫ লোক আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।