যুবকরাই বাংলাদেশ কে রক্ষা করবে এবং ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত সাংসদ প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কসবা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে সাড়ে চার কোটি যুবক ভোটার রয়েছেন। যুবকদের সমস্যা দূর করতে পারলে দেশের উন্নয়ন হবে। গত ১৬ বছর দেশে দুর্নীতি ও মাদক ভরে গেছে। আমাদের বড় শত্রু হলো মাদক। এই মাদক ও চোরাচালনের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তিনি যুবকদের সম্পৃক্ত করে মাদকমুক্ত উন্নত কসবা-আখাউড়া গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সহ ও প্রকাশনা সম্পাদক মো. ইকলিল আজম।বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো.তাজুল ইসলাম (ভিপি তাজুল)। সমাবেশে সভাপতিত্ব করেন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া (দিপু)।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুশফিকুর রহমান আরো বলেন, তিনি নির্বাচিত হলে (কসবা–আখাউড়া) অঞ্চলের সার্বিক উন্নয়নে চারটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বেকারত্ব দূরীকরণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ইমাম ও খতিবদের সম্মাননা বৃদ্ধি এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।