মো,সাইফুল ইসলাম | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছুটির দিনে দোকানে গিয়ে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১২ মে) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম. সাইফুল ইসলাম তাকে মারপিটের ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা মনে করে তার পরিচয়পত্র দেখতে চান। পরবর্তীতে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ ঘটনায় সাইফুল ইসলামের হাত ভেঙে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, ভুক্তভোগী মামলা দায়েরের পর গতকাল রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।